রেজাল্ট শিটে এজেন্টদের আগাম স্বাক্ষর, সাতকানিয়ায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) আসনের একটি ভোট কেন্দ্রে রেজাল্ট শিটে এজেন্টদের আগাম স্বাক্ষর নেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের অভিযোগের ভিত্তিতে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আল হেলাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ফরিদুল আলম ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে থাকা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে রেজাল্ট সিটে আগাম স্বাক্ষর নিয়ে নেয়। তখন কেন্দ্রে থাকা একজন এজেন্ট প্রতিবাদ জানান এবং আগাম স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। ততক্ষণে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ ওই কেন্দ্রে আসেন এবং রেজাল্ট সিটে আগাম স্বাক্ষর নেয়ার বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলামের নিকট অভিযোগ করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রিজাইডিং অফিসার মো. ফরিদুল আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেন।

প্রত্যাহার হওয়া প্রিজাইডিং অফিসার মো. ফরিদুল আলম জানান, এটা মূলত ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা আগেও বিভিন্ন নির্বাচনে ভোট গণনা শুরু হওয়ার আগে রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর আগাম নিয়ে নিতাম। এতে কখনো কোনো ধরনের সমস্যা হয়নি। আজকে আগাম স্বাক্ষর নেয়ার বিষয়ে বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদ অভিযোগ করাতে আমাকে দায়িত্ব থেকে প্রত্যার করে নেয়া হয়েছে। আমি কিন্তু কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করিনি।

চট্টগ্রাম১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রেজাল্ট শিটে এজেন্টদের আগাম স্বাক্ষর নিয়ে নেয়। বিষয়টি নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ অভিযোগ করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরো জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ জানান, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অসৎ উদ্দেশ্য নিয়ে রেজাল্ট শিটে এজেন্টদের আগাম স্বাক্ষর নিয়ে নেয়। তখন বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। তিনি অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়।

পূর্ববর্তী নিবন্ধভোট দিতে দাঁড়ালেন লাইনে, হঠাৎ ঢলে পড়লেন
পরবর্তী নিবন্ধভোটারদের প্রতি কৃতজ্ঞতা জেলা প্রশাসকের