রুশ হামলার মধ্যেই জেনেভায় শান্তি আলোচনা, মুখোমুখি মস্কো ও কিয়েভ

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চার বছর ধরে চলা যুদ্ধের অবসান চেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার জেনেভায় আবারও বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের সর্বশেষ কূটনৈতিক উদ্যোগের মধ্যেই আলোচনা হচ্ছে। জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি খবর জানায়। খবর বাসসের।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে হামলার মাধ্যমে শুরু হওয়া এ সংঘাতে নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে উপস্থাপন করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসের মধ্যস্থতায় আগের দুই দফা বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি।

ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেনের দ্রুত আলোচনার টেবিলে আসা উচিত। ইউক্রেনের দাবি, বিস্তৃত ভূখণ্ড ও রাজনৈতিক দাবির প্রশ্নে রাশিয়া কোনো আপস করতে রাজি নয়। তারা যুদ্ধ চালিয়েই যেতে চায়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, জেনেভার ত্রিপক্ষীয় বৈঠকের আগের দিনেও রুশ সেনাবাহিনীর কাছে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ ছাড়া অন্য কিছু নেই। এতে স্পষ্ট হয় যে, কূটনৈতিক প্রচেষ্টাকে রাশিয়া কীভাবে দেখছে।

তিনি আরও বলেন, রাশিয়ার ওপর যথেষ্ট চাপ ও ইউক্রেনের জন্য স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা থাকলেই কেবল এই যুদ্ধ বাস্তবসম্মতভাবে শেষ করা সম্ভব। ক্রেমলিন জানিয়েছে, জেনেভার বৈঠকটি হবে বন্ধ দরজার আড়ালে। সেখানে গণমাধ্যম উপস্থিত থাকবে না। এর আগে চলতি বছর আবুধাবিতে দুই দফা আলোচনা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছে। এতে লাখো মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা যুদ্ধের ক্ষতে জর্জরিত। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় একপঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ ও ২০২২ সালে হামলা চালানোর আগে মস্কোসমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো। যেকোনো শান্তি চুক্তির অংশ হিসেবে কৌশলগত ও শক্তভাবে সুরক্ষিত বিস্তীর্ণ এলাকা থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার চায় মস্কো।

পূর্ববর্তী নিবন্ধভেনেজুয়েলা সফর করবেন ট্রাম্প