‘রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব’

উপজেলা প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি, ফোনকল ভাইরাল

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে। তিনি মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চারিদিকে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া কল রেকর্ডে ঠিকাদার উপজেলা প্রকৌশলীকে উদ্দেশ্যে করে বলতে শোনা যায়, ‘রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব। ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটি এখনি সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর। ফটিকছড়িতে থাকতে হলে আমার অনুমতি নিয়ে থাকতে হবে।’ আরো বলতে শোনা যায়, ‘তুর এক্সসিএনের সামনে দাঁড়িয়ে তোরে গালি দিচ্ছি, ঘরে বসে না।’ অডিওতে স্থানীয়ভাবে প্রভাব খাটানোর ইঙ্গিত এবং সরকারি অফিসে ঢুকে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও শোনা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একজন সরকারি কর্মকর্তাকে এভাবে হুমকি দেওয়া গুরুতর অপরাধ। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার মহসিন হায়দারকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এদিকে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, ‘অনিয়মের কারণে বিল স্থগিত করায় ঠিকাদার ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেছেন। ইতিপূর্বেও এ ঠিকাদার এসে অফিসে গালাগালি করতেন, ত্রাস সৃষ্টি করতেন। এখনো আবার নতুন করে তাই করতে চাচ্ছেন।’ বিষয়টি চট্টগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসামরিক শক্তিতে কে কতটা বলীয়ান?
পরবর্তী নিবন্ধএক বছরে ৬০ প্রাণহানি