নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে নিম্নমানের কাঁচামাল দিয়ে মিষ্টি বানিয়ে বিক্রির দায়ে প্যারাডাইস সুইটস নামের একটি মিষ্টির দোকানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকালে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্ল্যাহ এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে রিয়াজুদ্দিন বাজার এলাকার কলি ইলেকট্রিক হাউস নামের একটি প্রতিষ্ঠানকে সুপার স্টার কোম্পানির নকল বাল্ব বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে নগরীর ফিরিঙ্গী বাজার রোডের মানহাম ফার্মেসি এবং জয়া মেডিকেল হল নামের দুটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।











