রিশাদ ৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে

অবিক্রীত সাকিব লিটন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বিগ ব্যাশে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দল পেয়েছেন। বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে টেনেছে টিম রাওয়ালপিন্ডি। পিএসএলের ইতিহাসে এবারই প্রথম হচ্ছে নিলাম। লাহোরে বুধবারের নিলামে রিশাদকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে যোগ করেছে রাওয়ালপিন্ডি। রিশাদের ভিত্তিমূল্য ছিল এক কোটি ১০ লাখ রুপি। যা নিলামের লড়াইয়ে বেড়ে ৩ কোটিতে গিয়ে ঠেকে। তাকে দলে নিতে প্রথম বিড করে রাওয়ালপিন্ডি। পরে যোগ দেয় করাচি কিংস। শেষ পর্যন্ত করাচি হাল ছেড়ে দিলে রিশাদকে পেয়ে যায় রাওয়ালপিন্ডি। পিএসএলের একাদশ আসরে থাকছে না মুলতান সুলতান্স। তাদের দলটি নিলামের মাধ্যমে কিনে নেয় ওয়ালি টেকনোলজিস। মালিকানা বদল হওয়ায় মুলতান সুলতান্সের নাম বদলে এখন রাখা হয়েছে টিম রাওয়ালপিন্ডি। পিএসএলের গত আসরেও খেলেছিলেন রিশাদ। শিরোপা জয়ী লাহোর কালান্দার্সের হয়ে ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। এবার নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। গত বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন রিশাদ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্টে খেলতে গিয়ে ১২ ম্যাচে ১৫ শিকার ধরেন তিনি। দেশের বাইরে এই দুটি লিগেই এখন পর্যন্ত খেলেছেন রিশাদ। সঙ্গে বিপিএলে খেলার অভিজ্ঞতা তো আছেই। সব মিলিয়ে স্বীকৃত টিটোয়েন্টিতে ১০৮ ম্যাচ খেলে ১২৪ উইকেট নিয়েছেন রিশাদ। নিলামের আগে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে বাঁহাতি এই পেসারকে নিয়েছে তারা। তবে এবারের নিলামে হতাশ করেছেন বাংলাদেশের অন্য তারকারা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

সাকিবের পাশাপাশি অবিক্রীত থেকে গেছেন বাংলাদেশ টিটোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। হতাশ হতে হয়েছে তরুণ পেসার নাহিদ রানাকেও। এদিকে পিএসএলের ইতিহাসে রেকর্ড গড়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। ৮.৬৫ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। এটিই এখন পর্যন্ত পিএসএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানকে হারিয়ে ম্যাচ জিতলো দক্ষিণ আফ্রিকা