সীতাকুণ্ডে প্রাইভেটকার চাপায় রোমান নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়নের চারার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান ওই এলাকায় অবস্থিত এস এইচ হিল এগ্রো ফার্মে কর্মরত ছিলেন এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা আবুল কাসেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রোমান অন্যান্য দিনের মত গরুর দুধ নিয়ে ওই এলাকার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এতে প্রাইভেটকারটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. নাছির উদ্দীন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











