রাস্তার মাঝখানে পিলার

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

বান্দরবানের পশ্চিম বালাঘাটায় নিজেদের জায়গা দাবি করে চলাচলের রাস্তা পাকা পিলার দিয়ে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচল করা ১৫ পরিবার। খবর পেয়ে সড়ক নির্মাণকারী পৌর কর্তৃপক্ষ গতকাল শুক্রবার সকালে পিলার স্থাপনে বাধা দিলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে দখলকারীরা।
স্থানীয়দের অভিযোগ, বান্দরবান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাঘাটা এলাকায় পৌরসভার অর্থায়নে নির্মিত দীর্ঘদিনের পুরনো ইটের রাস্তা পাকা পিলার দিয়ে দখল করে নিয়েছে একটি প্রভাবশালী মহল। খবর পেয়ে পৌরসভার কাউন্সিলর এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে দখল বন্ধের জন্য নিষেধ করেন। এসময় দখলকারীরা পৌরসভার কর্মকর্তাসহ স্থানীয় নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরবর্তীতে স্থানীয়দের প্রতিরোধের মুখে পাকা পিলারগুলো সরিয়ে নেয়ার কথা দিলেও শেষ পর্যন্ত সরানো হয়নি। এতে ঐ রাস্তা দিয়ে চলাচলকারী ১৫ পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
ভুক্তভোগী জিয়াউল হক, শাহীনুর আক্তার, মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, দখলকারীরা পৌরসভা নির্মিত সরকারি রাস্তা নিজেদের দাবি করে আমাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেছিল। তাদের চাহিদা মত টাকা না দেয়ায় পাকা পিলার দিয়ে রাস্তাটি দখল করে নিয়েছে। পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তাদের কথাও শোনেনি তারা। আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করব। দখলদার মো. জসিম ও জিয়াবুল বলেন, আমাদের জায়গায় পৌরসভা অবৈধভাবে রাস্তা করেছিল। পারিবারিক ঝামেলা মিটে যাওয়ার পর আমরা নিজেদের জায়গা দখলে নিয়েছি। স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ নাছির বলেন, পৌরসভার অর্থায়নে রাস্তা নিজেদের বলে জোরপূর্বক দখল করে নিয়েছে তারা। পৌর কর্তৃপক্ষের বাধাও তারা মানছে না। বিষয়টি আমি ঊর্ধ্বতনদের কাছে জানিয়েছি।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম জানান, সরকারি রাস্তা দখল করে নেয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বন্ধের দিন থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে রাস্তাটি দখলমুক্ত করে পুনরায় চলাচলের ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্তের হার ফের ২% ছাড়াল
পরবর্তী নিবন্ধট্রেন চালক, গার্ড ও টিটিইদের আলটিমেটাম স্থগিত