কক্সবাজারের রামুতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার পাইন বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে হাবিলদার মো. আবুল কাশেমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল পাইন বাগান এলাকায় অভিযানে নামে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ওই বস্তা থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেন।
রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলাসহ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।








