কক্সবাজারের রামুতে বেলাল উদ্দিন (২৫) নামে এক তরুণের গলাকাটা গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বেলাল উদ্দিন রামুর পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) চালক ছিলেন। ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি (২০) আত্মগোপনে রয়েছেন। আঁখির বাড়ি উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে।
ভাড়া বাড়ির মালিক আলাউদ্দিন জানান, স্ত্রীকে নিয়ে বেলাল দুই মাস আগে ভাড়া বাসায় ওঠেন। প্রায় সময় স্বামী–স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হতো। তিন দিন ধরে ঘরের দরজা তালাবদ্ধ ছিল। বুধবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহের সৃষ্টি হয়। এরপর থানায় পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে বিছানায় বেলালের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে।
স্থানীয় ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, পরিবারের অমতে আঁখিকে বিয়ে করেন বেলাল। আঁখির আগের সংসার ছিল। তা ছাড়া তিনি টিকটকে নিজের ভিডিও প্রকাশ করতেন। এ কারণে পরিবার আঁখিকে মেনে নেয়নি। ফলে স্বামী–স্ত্রী দুজন ভাড়া বাসায় পৃথক সংসার পাতেন। কিছুদিন আগে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তার উদ্যোগে সামাজিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল বাড়ির দরজা ভেঙে মরদেহটি দেখতে পায়। গলাকাটা মরদেহে পচন ধরেছে। ওসি বলেন, ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন দিন আগে বেলাল উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। মরদেহটি বাসার একটি কক্ষের বিছানায় পড়েছিলো। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে স্ত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তার সন্ধানের চেষ্টা চলছে।











