কক্সবাজারের রামু উপজেলায় জাল টাকা ও এসব টাকা তৈরির সরঞ্জামসহ মো. ইমরান (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকার শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইমরান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে।
সূত্র জানায়, আমতলিয়া এলাকার বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে জাল টাকা তৈরির গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকার জাল নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার জাল টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মসিউর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












