রামুতে খামারবাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার একটি খামারবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স।

জানা যায়, মঙ্গলবার রাতে খামারের শ্রমিকদের খাবার পৌঁছে দিতে বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম। প্রায় এক ঘণ্টা পর খামারের শ্রমিকরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, তার ভাইয়ের হাতে আঘাতের চিহ্ন ছিল। এ কারণে পরিবারের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

এ ব্যাপারে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়েছিল। তবে শরীরে আঘাতের চিহ্ন থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধএকটি জাহাজের গল্প
পরবর্তী নিবন্ধআলোচনার জন্য আজ চট্টগ্রাম আসছেন নৌ উপদেষ্টা