বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পরিবহন হিসাব শাখা) কার্যালয় পলোগ্রাউন্ড এলাকা থেকে ট্রাক ভর্তি পুরাতন কাগজপত্র ও মালামাল পাচারের সময় জব্দ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটলেও গতকাল শনিবার বিষয়টি প্রকাশ পায়। জানা গেছে, এক ট্রাক ভর্তি পুরাতন কাগজপত্র ও বিভিন্ন মালামাল গোপনে বের করে নেওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাতেনাতে সেগুলো জব্দ করেন।
দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনির (আরএনবি) এক হাবিলদার জানান, রাতের আঁধারে মালামালগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। তিনি আরও জানান, সাধারণত অকেজো পুরাতন কাগজপত্র ও মালামাল নিয়ম অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। কিন্তু এসব নথি ও কাগজপত্র কোনো ধরনের টেন্ডার ছাড়াই গোপনে ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। এই ব্যাপারে রেলের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জানা যায, তারাবির নামাজ পড়তে সবাই যখন মসজিদে, এই সুযোগে একটি সংঘবদ্ধ চক্র রেলের কাগজপত্র পাচারে চেষ্টা করে। তবে রেলওয়ে পূর্বাঞ্চল নিরাপত্তা বাহিনী ট্রাকটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।











