রাতভর উত্তেজনা, ইউএনও কার্যালয়ে অবস্থান

চকরিয়ায় নৌকার প্রার্থীকে লাঞ্ছিত ও ফল পাল্টানোর অভিযোগ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় গত রোববার অনুষ্ঠিত বিএমচর ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বদিউল আলম অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস তাকে কয়েক দফা প্রকাশ্যে লাঞ্ছিত করেছেন। এমনকি কোনো কারণ ছাড়াই তাকে কয়েক ঘণ্টা এক জায়গায় আটকেও রাখেন। এ সময় তাকে গ্রেপ্তারের হুমকি দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। যার কারণে নৌকার সমর্থকেরা ভোটকেন্দ্র ছেড়ে চলে যেতে বাধ্য হন।
তার অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট এই কাণ্ড ঘটানোর পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি। এমনকি ওই ম্যাজিস্ট্রেট নিজেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল পাল্টে দিয়ে বিএনপি-জামায়াত সমর্থিত জাহাঙ্গীর আলমকে বিজয়ী ঘোষণা করতে বাধ্য করেন রিটার্নিং কর্মকর্তাকে।
এই খবর দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএমচর থেকে হাজার হাজার নারী-পুরুষ রোববার দিবাগত রাত দশটা থেকে একটা পর্যন্ত উপজেলা পরিষদে অবস্থান করেন। তখন কঙবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সেখানে অবস্থান করছিলেন। এই পরিস্থিতিতে কঙবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম উপজেলা পরিষদে গিয়ে ক্ষুদ্ধ লোকজনকে শান্ত করেন এবং এই ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাসে রাত একটার পর চলে যান। বিএমচরের এই ঘটনা নিয়ে গতকাল বিকালে সংবাদ সম্মেলন করেছেন নৌকার প্রার্থী বদিউল আলম। লিখিত ও মৌখিক বক্তব্যে উপরোক্ত অভিযোগ করেন এবং ফলাফল স্থগিতের দাবি জানান।
অভিযোগের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস আজাদীকে বলেন, নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ইউনিয়নের দুই প্রার্থীকে সম্মানের সাথে বসিয়ে রাখা হয়েছিল। ওইসময় তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। এমনকি ফলাফলও জালিয়াতি করা হয়নি। এসব বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তাও অবগত আছেন।
প্রতিবাদে মানববন্ধন : বিএমচরে নৌকা প্রার্থীকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়াসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক লাঞ্ছিত করা ও আটকে রাখার প্রতিবাদে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে মানববন্ধন করেছেন দলীয় নেতাকর্মীসহ কয়েক হাজার নারী-পুরুষ। চকরিয়া পৌর শহরের থানা রাস্তার মাথায় এই কর্মসূচি থেকে অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপযুক্ত শাস্তির দাবিসহ নৌকা প্রার্থীকে নির্বাচিত ঘোষণার দাবি জানানো হয়।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বিএমচর ইউনিয়নের নৌকার প্রার্থীর করা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ঘটনার বিষয়ে বিশদ তদন্ত শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাস চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধকর্ণফুলী রক্ষায় পলিথিন বন্ধ করতে হবে : মেয়র