রাজাখালীতে কাভার্ডভ্যানসহ ৮৫ বান্ডেল চোরাই কাপড় উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবিবন্দর) বিভাগের বিশেষ অভিযানে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার এবং চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

নগর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম গত রোববার রাতে নগরের বাকলিয়া থানা এলাকার রাজাখালী হাজী আবুল কালাম গ্রুপ প্রকাশ জনির গ্যারেজে অভিযান চালায়। এ সময় চোর চক্রের সক্রিয় সদস্য রাঙ্গুনিয়ার পূর্ব কোদালার মোহাম্মদপুর এলাকার মৃত আবদুল মালেকের পুত্র মো. মাসুদ রানাকে (৩২) গ্রেফতার করে।

অভিযানে তার দখলে থাকা একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৮৫ বান্ডেলে মোট ১৫৩০ কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়গুলো বিভিন্ন কার্টনে সংরক্ষিত ছিল এবং সেগুলো চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাসুদ রানা স্বীকার করেন, তিনি এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গোডাউন ও কাভার্ডভ্যান থেকে কৌশলে রোল কাপড় চুরি করে তা বিক্রি করে আসছিল। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে, যারা বর্তমানে পলাতক। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, নগরে চোরাই মালামাল উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় খালে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পরবর্তী নিবন্ধটাকার অবমূল্যায়ন চায় না এফবিসিসিআই