রাজস্থলীতে ইউপি সদস্যকে অস্ত্রের মুখে অপহরণ

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৮ মে, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাজস্থলী থেকে বান্দরবান ফেরার পথে নাইঙ্গাপাড়া রাস্তারমুখ থেকে অস্ত্রের মুখে ইউপি সদস্য চাইউগ্যা মারমা মেম্বারকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চাইউগ্যা মারমা মেম্বারকে রাজস্থলী-বাঙালহালি প্রধান সড়কের নাইঙ্গাপাড়া রাস্তারমুখ এলাকায় গাড়ি থামিয়ে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। তার বাড়ি কুহালং ইউনিয়নের চেমিডলু পাড়া এলাকায়। অপহরণের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার ক্যাডাররা জড়িত বলে জানা গেছে।

এদিকে অপহরণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ অপহৃতকে উদ্ধারে মাঠে নেমেছে। সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে। কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা বলেন, আমার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য একজন মেম্বারকে ধরে নিয়ে গেছে সশস্ত্র গ্রুপ। তিনি রাঙামাটির রাজস্থলীতে কাজ শেষে বান্দরবান ফিরছিলেন। এলাকাবাসী এবং পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কেবল একটি ইউনিটে
পরবর্তী নিবন্ধজীবন বলী ধরাশায়ী নিজ জেলায়