রাজনৈতিক কারণে শহীদদের তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে

রাঙ্গুনিয়ায় সংসদ সদস্য হুমাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

দেশের ইতিহাস বিকৃত হওয়ার ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে রাঙ্গুনিয়া থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, স্বাধীনতার বহু বছর পেরিয়ে গেলেও অসংখ্য শহীদের নাম আজও অজানা রয়ে গেছে। রাজনৈতিক সংকীর্ণতার কারণে শহীদদের তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে, যা একটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।

গত শনিবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদদের তালিকায় নির্দিষ্ট কিছু নাম বারবার উচ্চারিত হলেও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী অনেক শহীদের স্মৃতি সময়ের সাথে হারিয়ে যাচ্ছে। সরকারি তালিকায় সকল শহীদের নাম অন্তর্ভুক্ত করা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।

ঢাকা কেন্দ্রীয় কর্মসূচিতে না গিয়ে স্থানীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষ আমাকে নির্বাচিত করেছেন, তাই তাদের সঙ্গে থাকা এবং স্থানীয় কর্মসূচিতে অংশ নেওয়াকে আমি দায়িত্ব মনে করি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। শিক্ষক এম মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিচ মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী নুর, শিক্ষার্থী মো. হাবিব ও সুমি আক্তার। পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত ১০, মামলা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সরকারের সময়কার ১ হাজার ৬ মামলা প্রত্যাহার