রাজনীতি মানুষের কল্যাণ ও নীতিনির্ধারণের ক্ষেত্র হলেও বাস্তবতায় সেখানে ট্যাগিং সংস্কৃতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। ভিন্নমত প্রকাশ করলেই মানুষকে বিভিন্ন পরিচয়ের লেবেলে আবদ্ধ করে ফেলার প্রবণতা সুস্থ রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এতে আলোচনা সংকুচিত হয়, সহনশীলতা কমে এবং অনেকেই নিজের মত প্রকাশে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। গণতান্ত্রিক চর্চার জন্য মতের বৈচিত্র্য অপরিহার্য। সমালোচনা ও প্রশ্ন নীতিকে পরিশীলিত করে এবং সিদ্ধান্তকে শক্তিশালী করে। কিন্তু যখন মতের জবাব যুক্তি দিয়ে না এসে ব্যক্তিকে ট্যাগ দিয়ে মূল্যায়ন করা হয়, তখন রাজনীতি তার মূল উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। ব্যক্তি নয়, মতের ওপর গুরুত্ব দেওয়া এটাই একটি পরিণত রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত প্রতিক্রিয়ার যুগে ট্যাগিং সহজ হয়ে উঠলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব সমাজে বিভাজন তৈরি করে। তাই প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও যুক্তিনির্ভর আলোচনার চর্চা। মানুষকে লেবেল নয়, চিন্তা ও বক্তব্যের আলোকে মূল্যায়ন করার সংস্কৃতি গড়ে উঠলেই রাজনীতিতে ট্যাগিং প্রবণতা কমবে এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ শক্তিশালী হবে।
রাশেদুল ইসলাম আকিব
শিক্ষার্থী,
ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।









