রাঙ্গুনিয়ায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।
জানা যায়, অভিযানে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ২ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসে সাধারণ মানুষের নাগালের বাইরে যেন দ্রব্যমূল্য না যায়, সেই লক্ষ্যে আমাদের এই নিয়মিত তদারকি। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করলে বা অহেতুক দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












