তথ্য প্রযুক্তির সহায়তা ও পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ফকির টিলা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এই সফল অভিযান চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাত ৯টার দিকে ফকির টিলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। এসময় সিএনজিতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়ি থামিয়ে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। একই সাথে অস্ত্র বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত সিএনজিটি রাজারহাট টু কমলাছড়ি লাইনে চলাচল করতো। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া চালকের পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত চালকের নাম মো. মিনহাজ (৩২), সে পদুয়া ইউনিয়নের ফকির টিলা গ্রামের মৃত বাদশা আহমদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, পলাতক আসামি মিনহাজ ও অজ্ঞাতনামা আরও দুই জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের দমনে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।














