টানা বর্ষণে পাহাড় ধসে রাঙ্গুনিয়ার জঙ্গল পারুয়া–অট্টইতল সড়কে দীর্ঘ ১৫ দিন ধরে বন্ধ থাকা যানচলাচল অবশেষে স্বাভাবিক হয়েছে। উত্তর জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক সেকান্দর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এস্কেভেটরের সাহায্যে সড়কের মাটির স্তূপ অপসারণ করা হয়। একই সাথে রওশনীয় তৈয়্যবিয়া ইমাম আবু হানিফা সড়কের একাধিক ক্ষতিগ্রস্ত অংশেরও সংস্কার করা হয়েছে। তবে সড়ক দুটি কাঁচা হওয়ায় কাদামাটি মাড়িয়েই চলতে হচ্ছে স্থানীয়দের। তাই সড়কটি স্থায়ী টেকসই সংস্কারে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।
স্থানীয়রা জানান, উপজেলার পারুয়া ইউনিয়নের কড়ার টেক থেকে ৬নং ওয়ার্ডের বিশাল জনগোষ্ঠীর চলাচলের প্রধান মাধ্যম সড়কটি এখনো কাঁচা। সামপ্রতিক ভারী বর্ষণে সড়কের বাচ্চু ঘোনাসহ বেশ কয়েকটি অংশে পাহাড় ধসে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে গত ১৫ দিন ধরে চরম দুর্ভোগে ছিলেন জঙ্গল পারুয়া, অট্টইতলা ও বাচ্চু ঘোনার হাজারো বাসিন্দা। এমনকি জরুরি চিকিৎসায় কোনো রোগীকে হাসপাতালে নিতে প্রাচীন পদ্ধতির মতো দোলনায় করে কাঁধে বহন করতে হয়েছিল।
জনসাধারণের এমন অবর্ণনীয় দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত তহবিলের অর্থায়নে সড়কটি সচল করার উদ্যোগ নেন যুবদল নেতা সেকান্দর হোসেন। সড়ক সংস্কারের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পাভেল হাসান, সহ–সভাপতি মো. সোলেমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হানিফ, সদস্য মো. রাসেল, মো. সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রাসেল, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাসানসহ বিএনপি ও অঙ্গ–সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, সড়কটি স্থায়ীভাবে সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












