রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের দক্ষিণ পোমরা লস্কর পাড়া এলাকার প্রবীণ শিক্ষক হেদায়েতুর রহমান ১১৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। গত ৯ নভেম্বর রাত ১২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। হেদায়েতুর রহমান তিন মেয়ে ও দুই ছেলে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জালাল উদ্দীন নামে তাঁর এক স্বজন জানায়, ১১৮ বছর বয়সী হেদায়েতুর রহমানের মৃত্যুর খবর শুনে তাকে শেষবারের মতো দেখতে শত শত মানুষ বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। গত চার বছর ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। শিক্ষকতা জীবনে উনি নিজের ব্যবস্থাপনায় অনেককে পড়িয়েছেন। ব্যক্তিজীবনেও খুব পরহেজগার ব্যক্তিত্ব ছিলেন।












