রাঙ্গুনিয়ার সৌদি প্রবাসী ইকবাল হোসেন (৪৭) জাতীয় নির্বাচনের দুইদিন আগে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন। গত শনিবার রাত ১১টা ৪০ মিনিটে তার মা আনোয়ারা বেগম মৃত্যুবরণ করেন। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। পুলিশি পাহারায় হাতকড়া পরে মাকে শেষবিদায় জানান ইকবাল। গতকাল বাদে আসর রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেক শাহ্ (রা.) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এ জানাজা। ইকবাল ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাহেবনগর এলাকার মৃত নুরুল আলমের ছেলে। গতকাল বিকাল ৩টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে তিনি বাড়ি গিয়ে মায়ের মরদেহ দেখেন।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরেন ইকবাল হোসেন। গত ১০ ফেব্রুয়ারি যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় একটি অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল জানাজায় উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি, ভিপি শাহেদ কামাল উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে প্রবাসী ইকবালকে ফাঁসানো হয়েছে দাবি করে নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়া প্যারোলে মুক্তির জন্য রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী সহযোগিতা করেছেন জানিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
এর আগে গত শুক্রবার প্রবাসী ইকবাল হোসেনের মুক্তির দাবিতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।












