রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাউখালী শাহী দরবার শরীফে হযরত সৈয়দ সুলতান উদ্দীন বাচা বাবা (রহ🙂 এর ৭৩তম বার্ষিক ওরশ শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে এদিন সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজারে গিলাপ পরিধান, তাবাররুক বিতরণ, জিকির মাহফিল, সেমা মাহফিল, মিলাদ মাহফিলসহ ধর্মীয় নানা কর্মসূচী পালিত হয়েছে। এতে লাখ লাখ মানুষের ঢল নেমেছে।
সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, ওরশ উপলক্ষে এক সপ্তাহ আগে থেকেই আশেপাশের গ্রামের প্রতিটি ঘরে ঘরে আত্মীয়–স্বজন ও মেহমানবৃন্দ আসতে থাকেন। মাজার প্রাঙ্গণে আগের দিন থেকেই সারাদেশ থেকে ভক্ত অনুরাগীরা সমবেত হন। ওরশের দিন লাখ লাখ মানুষের পদচারণায় লোকারণ্য হয়ে ওঠে ওরশস্থল। গরু, ছাগল, মহিষ, মুরগীসহ মাজারে মানতের বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে হাজির হতে দেখা যায় ভক্তদের। এদিন রাতব্যাপী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কাওয়ালী ও ভান্ডারী গানের আসর বসে। ওরশ প্রাঙ্গণে নানা পসরা সাজিয়ে বিভিন্ন দোকানি, গ্রাম বাংলার নাগর দোলায় মানুষের পদচারণা দেখা যায়। বাচাবাবার আওলাদ ও মতোয়াল্লি সৈয়দ মোহাম্মদ ইউসুফ আলী জানান, ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৫ লাখ ভক্ত অনুরাগীর সমাগম হয়েছে। তাদের তাবাররুক দিয়ে আপ্যায়ন করা হয়। এতে দেশ, জাতী ও বিশ্ব শান্তি কল্যানের জন্য দোয়া করা হয়।
তিনি আরও বলেন, হযরত সুলতান উদ্দিন বাচাবাবা (রহ🙂 আধ্যাত্মিক জগতের একজন উঁচুমানের সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি আল্লাহর ঘর কাবা শরীফে ৩৬ বছর ইবাদতে মশগুল ছিলেন। ইমাম শেরেবাংলা (রহ🙂 এর দেওয়ানে আজিজ কিতাবে তাঁকে বড় মাফের আল্লাহর ওলি হিসেবে জীবনী তুলে ধরেছেন। তার অসংখ্য প্রমাণিত কেরামত লোকমুখে প্রচার রয়েছে। দেশ বিদেশের লাখ লাখ ভক্ত অনুরাগী রয়েছে তার। যারা প্রতিনিয়ত দরবারে আসা–যাওয়া করেন।












