রাঙ্গুনিয়ায় মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তা অধিকার লঙ্ঘন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে পরিচালিত এক অভিযানে উপজেলার লিচুবাগান বাজারে ৩ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

সূত্রে জানা যায়, বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোট ৩টি মামলা দায়ের করা হয়। আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ৩ ব্যক্তিকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান। অনিয়ম রোধে ব্যবসায়ীদের সতর্ক থাকার পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধখায়রুজ্জামান তালুকদার
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা জিইয়ে রাখল ইংল্যান্ড