রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধী সাব্যস্ত হওয়ায় ৬ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার দক্ষিণ নোয়াগাঁওয়ের মো. রুবেল, জাকিরাবাদের মো. জয়নাল আবেদীন, দ. ঘাটচেকের মো. সাইফুল ইসলাম, চন্দ্রঘোনার মো. করিম, মরিয়মনগরের মো. আব্দুর রশিদ এবং মিতিঙ্গাছড়ির মো. লিটন। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।











