রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরির পর নিরাপত্তা জোরদার

সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় মা মগদেশ্বরী ও শিব মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত শুক্রবার রাতে মন্দিরে ন্যক্কারজনক চুরির ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে সিসি ক্যামেরা ও আধুনিক সরঞ্জামাদি স্থাপন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে এসব সামগ্রী মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহ্বায়ক ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অরুপ চৌধুরী। জানা যায়, গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান অলঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঘটনার পরপরই হুমাম কাদের চৌধুরীর নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে সিসি ক্যামেরা ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হলো।

সরঞ্জামাদি বিতরণকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, ওসি (তদন্ত) মো. নুরুল আবছার এবং এসআই নুরুল মোস্তফা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া শাখার সদস্য সচিব লিটন দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারাধন দাশ, যুগ্ম আহ্বায়ক সুমন দাশ, ওম প্রকাশ দে, রনি দাশ, সাজু দাশ, বাবলু দে, বিশিষ্ট সংগঠক শিক্ষক চন্দন দত্ত, জয় চক্রবর্তী, রাজীব দাশ, রিটন শীল, সুফল বসাক, সজিব দাশ, পোমরা ইউনিয়ন সভাপতি সমীর চক্রবর্তী, উত্তম দেবনাথ এবং রাজীব চক্রবর্তী রাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরিবারকে নৈতিক পথে পরিচালিত করাই আদর্শ নারীর মূল পরিচয়
পরবর্তী নিবন্ধসৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) ওরসের প্রস্তুতি সভা