রাঙ্গুনিয়ায় অতিরিক্ত জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শের মোহাম্মদ পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শায়ের মোহাম্মদ পাড়া এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলাম তার গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ‘পেট্রোলিয়াম আইন–২০১৮’ এর ৪ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। যারা জনভোগান্তি সৃষ্টি করে অবৈধভাবে পণ্য মজুদ করে বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।













