রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর করুণ মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ৩:১১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামের ১৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে নিচে নিয়ে আসেন। এরপর মা গৃহস্থালি কাজে রান্নাঘরে গেলে শিশু ওয়াজিহান সবার অগোচরে পুনরায় ছাদে চলে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহৃত বালতিতে জমিয়ে রাখা পানিতে খেলতে গিয়ে সে উপুড় হয়ে পড়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে বালতির ভেতর নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যাংকার শাহ আলমের শিশুপুত্রের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে এই শিশুর মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে চলছে মাতম।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত