রাঙ্গুনিয়ায় বাগানে আগুন, পুড়ল কয়েকশ গাছ

পরিকল্পিত নাশকতার অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পোমরা বাচাশাহ নগর এলাকায় একটি ফলদ ও বনজ বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে পোমরা বনবিটের নিকটস্থ মরহুম ইসলাম মিয়ার মালিকানাধীন প্রায় ৬ একরের পাহাড়ি বাগানে এ ঘটনা ঘটে। এতে কয়েকশ গাছ ও একটি খামারঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বাগানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইসলাম মিয়ার ছেলে নুরুল আজিম। সেখানে আম, জাম, কাঁঠাল, লিচু ও সেগুনসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ গাছ পুড়তে দেখা যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাগানের মাঝখানে থাকা একটি খামার ঘর পুরোপুরি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নুরুল আজিম জানান, দীর্ঘ ৭০ বছর ধরে তার বাবা মরহুম ইসলাম মিয়া তিলে তিলে এই বাগানটি গড়ে তুলেছিলেন। অগ্নিকাণ্ডে তাদের কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাদের এই বাগানে নিয়মিত আগুন দিচ্ছে। বাবার স্মৃতিবিজড়িত বাগানটি ধ্বংস করাই তাদের লক্ষ্য। এই ঘটনার প্রতিকারে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সংরক্ষিত বনের টিলা কেটে বালু উত্তোলন