রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ইউপি সদস্য পদে লড়ছেন বেশিভাগই নতুন মুখ। তাঁদের মধ্যে যুবকের সংখ্যা বেশি। এসব প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন। লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। পুরনো কিংবা বর্তমান ইউপি সদস্যরা তাঁদের উন্নয়ন কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন ভোটারদের। পোস্টার-ব্যানারেও প্রচারণার কমতি নেই, ফেসবুকেও প্রার্থীরা ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, প্রার্থীদের কথার ফুলঝুরিতে নয় সৎ ও যোগ্য প্রার্থীকে তাঁরা ভোট দেবেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায়, গ্রামের অলিগলিতে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। গণসংযোগে সময় পার করছেন প্রার্থীরা। ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে রাঙ্গুনিয়ায় ১৩ ইউনিয়নে নির্বাচন হবে। ফলে এখন উক্ত ইউনিয়গুলোর অলিগলিতে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।












