রাঙ্গুনিয়ায় পুলিশ বিটের সামনে থেকে তুলে নিয়ে যুবককে কোপাল সন্ত্রাসীরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে গৃহ নির্মাণের চাঁদা না পেয়ে তারেক (২৭) নামে এক যুবককে অপহরণের পর গহীন জঙ্গলে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার ইফতার পরবর্তী সময়ে ইউনিয়নের মীরেরখীল এলাকার পুলিশ বিটের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পুলিশি অভিযানে ওই রাতেই ‘সিঙ্গাপুর’ নামক এলাকার গহীন জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় অপহৃত যুবককে উদ্ধার করা হয়। আহত তারেক মীরেরখীল ১ নম্বর ওয়ার্ডের নবীর হোসেন মাস্টার বাড়ির আবুল খায়েরের ছেলে। এই ঘটনায় আহত তারেকের পরিবারের পক্ষ থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষ করে বাইরে বের হলে মীরেরখীল পুলিশ বিটের সামনে থেকে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তারেককে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। বর্তমানে সে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবকের ভাই মানিক জানান, তাদের বসতভিটায় টিনের নতুন ঘর নির্মাণের কাজ চলছিল। এই ঘর নির্মাণের জন্য সন্ত্রাসীরা কিছুদিন আগে বড় অংকের চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার ভাইকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ব্যাপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ভুক্তভোগীকে উদ্ধারে অভিযানে নামি এবং সফল হই। তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে জিপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু