রাঙ্গুনিয়ায় পল্লী চিকিৎসককে ছুরিকাঘাত করে বাইক ছিনতাই, গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক পল্লী চিকিৎসককে ছুরিকাঘাত করে বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. এমরান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের কড়াটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত চিকিৎসকের নাম মোহাম্মদ সেলিম। তিনি উপজেলার ইসলামপুর গাবতল এলাকায় একটি ফার্মেসি পরিচালনা করেন।

ভুক্তভোগী চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম রাতে তার ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে কড়াটেক এলাকায় পৌঁছালে তিনচারজনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে আকস্মিকভাবে ছুরিকাঘাত শুরু করে। সেলিমের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার ব্যবহৃত ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রাতেই রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. এমরানকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও নিশ্চিত করেন যে, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
পরবর্তী নিবন্ধনগরে আরো ২৮ জন গ্রেপ্তার