রাঙ্গুনিয়ায় নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়া তিন মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে নিখোঁজ হওয়ার পর রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেন উদ্বিগ্ন অভিভাবকরা। এরপর রোববার ভোরে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ছাত্রদের আইনি প্রক্রিয়া শেষে সুস্থ অবস্থায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিচিন্তাপুর তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাসেম সুন্নিয়া হাজির টিলা মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়। মো. রিদোয়ান, মো. আব্দুল্লাহ ও মো. মিরাজ নামের নিখোঁজ হওয়া এই তিন শিক্ষার্থী একই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পড়ালেখার চাপের কারণে তারা মাদরাসা ও বাড়ি থেকে বের হয়ে যায়। এ ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় জিডি করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। ছাত্রদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অভিভাবকরা।

পূর্ববর্তী নিবন্ধএকসাথে ১০টি প্রকল্প নিল সিডিএ
পরবর্তী নিবন্ধদুই দিনে চট্টগ্রাম বিমানবন্দরে ১৯ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল