রাঙ্গুনিয়ায় দুই ব্যবসায়ীকে ৫৭ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রি

রাঙ্গুনিয়া প্রতিনিধি  | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রি করায় দুই সার বিক্রেতাকে ৫৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস।

অভিযান চলাকালে দেখা যায়, পাইকারি ও খুচরা পর্যায়ের দুই ডিলার সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিচ্ছেন। এছাড়া তারা সার বিক্রির কোনো রশিদ সংরক্ষণ করছিলেন না, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলায় ৫৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, কৃষকদের জিম্মি করে কোনো অসাধু ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা লুটতে দেওয়া হবে না।সারের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং সরকার নির্ধারিত দাম নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস খুচরা ও পাইকারি ডিলারদের সতর্ক করে বলেন, সার বিক্রির ক্ষেত্রে অবশ্যই ভাউচার প্রদান করতে হবে এবং মূল্যের তালিকা প্রদর্শনীতে রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, সন্ত্রাসী নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের তিন উপজেলায় অভিযান, ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা