রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে তুচ্ছ ঘটনায় আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে বেতাগী ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে রাত দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মান্নান একই ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকার নূর আহমেদের ছেলে। এই ঘটনায় তার স্বজনরা একই এলাকার মো. ছুফির ছেলে মোজাম্মেল (৪৫) নামে এক ব্যক্তিকে দায়ী করছেন।
স্থানীয় সুত্র ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, এদিন সকালে অভিযুক্ত মোজাম্মেলের সাথে নিহতের চাচাতো ভাইয়ের একটা বিয়ে সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়। এই নিয়ে সন্ধ্যার পর নিহত মান্নান স্থানীয় বাজারে গেলে তার চাচাতো ভাইকে খুন করবে বলে প্রকাশ্যে হুমকি দেয় অভিযুক্ত মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সাথে ও মোজাম্মেলের কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে সমাধান হয়। পরে রাত আটটার দিকে এশার নামাযে যাওয়ার পথে অন্ধকারাচ্ছন্ন এলাকায় পৌঁছালে মোজাম্মেল পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে মোজাম্মেল কুপিয়েছে বলে জানান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার স্থানীয় একটা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। রাতে এ রিপোর্ট লেখার সময় নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলমান রয়েছে এবং এই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।






