রাঙ্গুনিয়ায় মোহাম্মদ সুমন (২৬) নামে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া খাজা গরীবে নেওয়াজ মাজার গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমন একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সারাশিয়া গ্রামের দরগাভিটা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন বৃহস্পতিবার রাতে তার এক ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে সংক্রান্ত ঘরোয়া বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে রাত ৯টায় সবাই বিয়ে বাড়ি ত্যাগ করলেও সুমন বাড়ি ফেরেনি। পরের দিন সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহতের বড় ভাই মোহাম্মদ রুবেল বলেন, ভোরে এক নারী বাড়িতে এসে জানান, খাজা গরীবে নেওয়াজ মাজার গেটের কাছে সুমনের লাশ পড়ে আছে। তিনি জানান, সুমন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং তার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল বলে মনে হয় না।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমদ জানিয়েছেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।












