রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে এক সিএনজি টেক্সি চালকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন চালকরা। গতকাল বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে রানীরহাট বাজারের সিএনজি স্টেশনে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মুহাম্মদ হাকিম, মুহাম্মদ মামুন ও নাছের নামে তিন চালকের ওপর অতর্কিত হামলা চালান নাজিম উদ্দিন মাইকেল নামের এক ব্যক্তি। এই হামলার খবর ছড়িয়ে পড়লে অন্য চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে প্রায় দুই শতাধিক চালক জড়ো হয়ে রানীরহাট অংশে মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস ও স্থানীয় পরিবহনের যাত্রীরা দীর্ঘ সময় গরমে ও যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে অনেক যাত্রীকে বিকল্প পথ ব্যবহার করতে দেখা যায়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরে চালক সমিতির নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রানীরহাট সিএনজি ফোর স্ট্রোক চালক সমিতির সভাপতি মুহাম্মদ হাসান বলেন, সামান্য ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে আমাদের চালকদের ওপর যেভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
সমিতির উপদেষ্টা ইউসুফ চৌধুরী ও আব্দুল মান্নান রনি চালকদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা সমিতিকে জানাতে হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ব্যাপারে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।












