রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার সিকদারপাড়ায় চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে রোকেয়া বেগমের মালিকানাধীন একটি কাঁচা বসতঘর, একটি গোয়ালঘর ও একটি খড়ের গাদা পুড়ে যায়। এতে একটি গরু আহত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত। এ ঘটনায় আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাদের তাৎক্ষণিক তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।












