রাঙ্গুনিয়ায় গাছ পড়ে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী লক্ষীরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকার বাসিন্দা ও মুহাম্মদ ইউছুপের ছেলে। তিনি মরিয়মনগর চৌমুহনী এলাকায় অটো পার্টসের একটি দোকান পরিচালনা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাখালী লক্ষীরখীল এলাকায় রাস্তার পাশে আবু ফয়েজ নামে এক ব্যক্তি তাঁর বাড়ির উঠানে একটি গাছ কাটছিলেন। ব্যবসায়িক কাজে ওই পথে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাইফুল। এসময় হঠাৎ গাছটি ভেঙে পড়ে সাইফুল ইসলামের ওপর। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, গাছ কাটার সময় রাস্তায় কোনো সতর্ক সংকেত বা নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।










