রাঙ্গুনিয়ায় গাছ পড়ে নিহত যুবকের ঘরে শোকের মাতম কাটছে না

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৫ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী লক্ষীরখীল এলাকায় গাছ পড়ে ব্যবসায়ী সাইফুল ইসলামের (২৭) মৃত্যুর ঘটনায় এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। গত রোববার দুর্ঘটনার পর বেশ কয়েকদিন পার হলেও একমাত্র ছেলেকে হারানো বৃদ্ধ বাবামায়ের আহাজারিতে ভারী হয়ে আছে দক্ষিণ ঘাটচেক এলাকার বাতাস। এদিকে, বাবার ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছে সাইফুলের দুই অবুঝ শিশু।

নিহত সাইফুল ইসলাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মরিয়মনগর চৌমুহনী এলাকায় তার অটো পার্টসের দোকানটি এখন বন্ধ। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন অথৈ সাগরে পড়েছে।

নিহতের প্রতিবেশী সেতুল মির্জা বলেন, সাইফুল খুব পরিশ্রমী ছিল। সামান্য কারো অসতর্কতা যে এভাবে একটা জীবন কেড়ে নিতে পারে, তা আমরা ভাবতে পারছি না।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত আবু ফয়েজ কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা সতর্ক সংকেত ছাড়াই রাস্তার পাশে বড় গাছ কাটছিলেন। জনবহুল রাস্তায় গাছ কাটার সময় কেন কোনো লোক বা লাল নিশান দিয়ে ব্যারিকেড দেওয়া হয়নি, সেই প্রশ্ন এখন সবার মুখে।

স্থানীয় বাসিন্দা রহিম উল্লাহ বলেন, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি অবহেলার কারণে মৃত্যু। আমরা চাই দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কেউ এভাবে জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। ঘটনার পর পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করেছে। স্থানীয় সূত্রমতে, ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা অনেকটা আত্মগোপনে রয়েছেন। রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ গাছ কাটা বা ভবন নির্মাণের সময় প্রায়ই কোনো নিরাপত্তা বেষ্টনী ব্যবহার করা হয় না। এই দুর্ঘটনা স্থানীয় প্রশাসনের জন্য একটি সতর্কবার্তা। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে কঠোর তদারকি দাবি করেছেন সচেতন মহল। সাইফুলের মতো আর কাউকে যেন এভাবে অকালে প্রাণ দিতে না হয়এখন এটাই রাঙ্গুনিয়াবাসীর মূল দাবি।

পূর্ববর্তী নিবন্ধসবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান এমপির
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৫শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ