সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়ায়ও অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল বৃহস্পতিবার নির্বাচনে রাঙ্গুনিয়ার বেশিরভাগ ভোটকেন্দ্রে লক্ষ্য করা গেছে নারীদের উপচে পড়া উপস্থিতি। অনেক বয়স্ক নারীর কোলে সন্তানকে বসিয়ে ভোট দিতে আসতেও দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সৈয়দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র নারীদের ভোট গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রে বিকাল সাড়ে তিনটার দিকে নারীদের দীর্ঘ লাইন ছিল। মোট ২,৫৫৩ জন ভোটারের মধ্যে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার সুজন চৌধুরী। উপজেলার প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। বিশেষত নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নানীকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন নুসরাত জাহান শান্তা নামের এক তরুণী। তিনি বলেন, এবারই প্রথম ভোট দিতে এসেছি। বেশ ভালোই লাগছে। দীর্ঘ লাইনে প্রায় আধাঘন্টা অপেক্ষা করে ভোট দিতে পেরেছি। গীতা দাশ নামের অপর এক নারী বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ভোট দিয়েছি। আগেরবার ভোট দিতে এসে দেখেছিলাম অন্য কেউ আমার ভোট দিয়েছে। বেশ খারাপ লেগেছিল। তবে এবার নিজের ভোট নিজে দিতে পেরে ভালো লাগছে।
উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার রয়েছেন ৩,১৯,০০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৭,৫৩১ জন, নারী ভোটার ১,৫১,৪৭৬ এবং হিজরা একজন। ভোট কেন্দ্র ৯২টি, স্থায়ী কক্ষ ৫৬৮ এবং অস্থায়ী ৪২। সন্ধ্যার দিকে সংশ্লিষ্টদের হাতে আসা পরিসংখ্যানে দেখা গেছে, রাঙ্গুনিয়ার ৯২টি কেন্দ্রের ৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে ৫৮ শতাংশ। শেষ পর্যন্ত ভোটের হার ৬০–৬৫ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারদের তুলনায় নারীদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত বেশি। সড়কেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী। তিনি তার মা, বড় ভাই, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কেন্দ্রে এসে ভোট দেন। এই কেন্দ্রেই নারীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
সকাল ৯টার দিকে আলমশাহ পাড়া মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াতে ইসলামী মনোনীত ঐক্যজোট প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। এছাড়া পৌরসভার সৈয়দবাড়ি বিএইজেডএইচ স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন বৃহত্তর সুন্নী জোট মনোনীত ইসলামী ফ্রন্ট প্রার্থী এডভোকেট ইকবাল হাছান।
উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নাজমুল হাসান জানান, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হয়েছে।












