রাঙ্গুনিয়ায় ইটভাটায় হামলা ও অগ্নিসংযোগ, আহত ৭ শ্রমিক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একটি ইটভাটায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার পুলিশ বিট সংলগ্ন কেবিডব্লিউ ইটভাটায় এ ঘটনা ঘটে। হামলায় ইটভাটার সাত শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন, আহসান উল্লাহ, বাবু, রায়হান, আজিজুল, সোলেমান, আক্কাছ ও মো. হাসান। এ ঘটনায় ইটভাটার মালিক জসিম উদ্দিন বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ১২ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে দেখা যায়, আগুনে দুটি স্কেভেটর, দুটি ড্রাম ট্রাক, একটি মাহিন্দ্রা গাড়ি, একটি কয়লা ভাঙার মেশিন, একটি পানির মোটর এবং পাঁচটি শ্রমিকের থাকার ঘর পুড়ে গেছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১টা থেকে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে মীরেরখীল এলাকায় সরফভাটা ব্রিক ফিল্ড মালিক সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইটভাটার মালিক জসিম উদ্দিন, ম্যানেজার মো. রিয়াজ ও শ্রমিকদের মাঝি মো. জাহাঙ্গীর বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিতরা দুটি শপথ নেবেন : আলী রীয়াজ
পরবর্তী নিবন্ধ৩০ আসনে ফল জালিয়াতির অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা জামায়াতের