রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও ভূমি আইন লঙ্ঘনের দায়ে জাবেদ (২৬) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। দণ্ডপ্রাপ্ত জাবেদ উপজেলার পূর্ব মুহাম্মদপুর এলাকার আবদুর রহমানের ছেলে।
জানা গেছে, রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও ভূমি সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এবং রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাবেদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০’ এর ১৫(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও ভূমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।













