রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট বাজারে রোববার (২৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে আর্থিক দণ্ড প্রদান করা হয়। একই দিনে উপজেলার সৈয়দবাড়ী এলাকায় শ্মশানের জমি সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রোয়াজারহাট বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযান চলাকালীন পণ্যমূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন অভিযুক্তকে মোট ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই দিনে উপজেলার সৈয়দবাড়ী এলাকায় মহাশ্মশানের জায়গা দখল সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি)। এসময় উপস্থিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে তিনি বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা শেষে উভয় পক্ষ এই মর্মে একমত হন যে, অনতিবিলম্বে জমিটি সঠিকভাবে পরিমাপ করা হবে এবং আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক সমাধানে আসা হবে। শান্তিশৃঙ্খলা রক্ষায় অভিযানে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। সংশ্লিষ্টদের এই ইতিবাচক প্রতিশ্রুতিতে এলাকার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির আশা তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবা ও প্রাইভেটকারসহ ১ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইন্সুরেন্স ফোরাম ও ইন্সুরেন্স অফিসার্স ক্লাবের মতবিনিময়