রাঙ্গুনিয়ার দৃশ্যমান সব উন্নয়ন রাঙ্গুনিয়ার সন্তানদের হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। তিনি বলেন, গোডাউন ব্রিজ, উত্তর রাঙ্গুনিয়া সড়কসহ রাঙ্গুনিয়ায় যে উন্নয়নগুলো মানুষ চোখে দেখছে–সবই রাঙ্গুনিয়ার ছেলেদের উদ্যোগ ও নেতৃত্বের ফল। গতকাল রোববার দুপুরে রাঙ্গুনিয়া পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জমায়েত ও মিছিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়াকে যারা চেনে, যারা এখানে জন্মেছে ও বেড়ে উঠেছে–তারাই রাঙ্গুনিয়ার মানুষের কষ্ট, সমস্যা ও সম্ভাবনাকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। বহিরাগত কেউ কখনোই আন্তরিকভাবে রাঙ্গুনিয়ার উন্নয়ন নিয়ে ভাবে না বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্য শেষে পাইলট স্কুল মাঠ থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল শুরু হয়। মিছিলটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।












