রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, মা-ছেলে গুলিবিদ্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৩ মার্চ, ২০২৬ at ১২:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির (৪২) বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তার হাতে ও পেটে এবং তার বৃদ্ধা মা আছিয়া বেগমের (৭০) পায়ে গুলি লেগেছে।

এছাড়া ওসমান গনির একটি হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর যখম করা হয়েছে এবং তার পিতা রশিদ আহমদের মাথায়ও আঘাত লেগেছে বলে জানান স্বজনরা।

রোববার (২২ মার্চ) রাত ৮টা ১০ মিনিটের দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ৩-৪ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। তার মা ও বাবাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং তারা আশংকামুক্ত বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে তাকে দেখতে যাওয়া উপজেলা বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন জানান, হামলায় ওসমানের শরীরে একাধিক ছড়া গুলি লেগেছে। এরমধ্যে পেটে লাগা গুলিটি গুরুতর। এছাড়া তার একটি হাত কুপিয়ে গুরুতর যখম করা হয়েছে। চিকিৎসক এটি কেটে বাদ দিতে চেয়েছিলেন, তবে অনুরোধ করে না কেটে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। এবং তার পিঠের মেরুদণ্ডেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনা হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
পরবর্তী নিবন্ধপেকুয়ায় গৃহবধূ হত্যার পলাতক স্বামী ঢাকা এয়ারপোর্ট থেকে আটক