বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব–১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে নিজেদের দ্বিতীয় খেলায় হোচট খেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল শনিবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ঘটনা বহুল ম্যাচে রাঙ্গামাটির সাথে ১–১ গোলে ড্র করে চট্টগ্রাম জেলা দল। এই ড্রয়ের ফলে চট্টগ্রাম জেলা দল দুই ম্যাচ থেকে সংগ্রহ করল ৪ পয়েন্ট। অপরদিকে দুই ম্যাচে রাঙ্গামাটির সংগ্রহ ১ পয়েন্ট। তারা নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বান্দরবান জেলা দলের কাছে ২–০ গোলে হেরেছিল। গতকালের ম্যাচে দু’দলই শুরু থেকে আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। কিন্তু প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে চট্টগ্রামের অধিনায়ক সাবিত খান গোল করে এগিয়ে দেন দলকে এগিয়ে রাখেন (১–০)। কিন্ত তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পর মুহূর্তেই ৭৬ মিনিটে খেলায় সমতা আনে রাঙ্গামাটি জেলা দলের আবু রায়হান (১–১)। কিন্ত গোল উদযাপন করতে গিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন রাঙ্গামাটির সে ফুটবলার। তাতে বাধে বিপত্তি। খেলা বন্ধ থাকে ২০ মিনিটের মত। পরে রেফারি দুই দলের দুজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করে। ম্যাচের বাকি সময়ে আর কোন দলই গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু’দলকে। প্লেয়ার অব দি ম্যাচ হন রাঙ্গামাটির মিথুন জয়।
চট্টগ্রামকে এখন সেমিফাইনালে খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বান্দরবানের সাথে ন্যূনতম ড্র করতে হবে। আগামী সোমবার স্বাগতিক বান্দরবানের মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল। এটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এরই মধ্যে টানা দুই ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বান্দরবান জেলা দল। প্রথম ম্যাচে রাঙ্গামাটি জেলা দলকে ২–০ গোলে হারানোর পর গতকাল দ্বিতীয় ম্যাচে খাগড়াছড়ি জেলা দলকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বান্দরবান।











