রাঙামাটি শহরে নিবন্ধনবিহীন সিএনজি টেক্সির ছড়াছড়ি অভিযানে জব্দ ১০

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

রাঙামাটিতে রেজিস্ট্রেশনবিহীন ১০ সিএনজিচালিত টেক্সি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে কোতোয়ালী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির ট্রাফিক পুলিশ পরিদর্শক সারোয়ার মোহাম্মদ পারভেজ আজাদীকে জানান, মঙ্গলবার রাঙামাটি জেলা শহরে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত টেক্সি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। অভিযানে ১০টি সিএনজি টেক্সি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার আইনবহির্ভূতভাবে দুইটি সিএনজি টেক্সি আটকের অভিযোগে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদালতে মামলা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। এ ঘটনার পরদিনই রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল বন্ধে অভিযানে নামে পুলিশ।

সিএনজি টেক্সি চালকরা বলছেন, মূলত আইনবহির্ভূতভাবে দুইটি সিএনজি টেক্সি আটকের অভিযোগ ও আদালত জব্দ তালিকা প্রেরণ না করায় পুলিশের দুই এসআইয়ের বিরুদ্ধে মামলার পরদিনই এই অভিযান চালায় পুলিশ।

এদিকে রাঙামাটি বিআরটিএর তথ্যমতে, জেলায় ১ হাজার ৪১৬টি রেজিস্ট্রেশন করা সিএনজিচালিত টেক্সি রয়েছে। তবে জেলা শহরে প্রায় ২ হাজারের অধিক টেক্সি চলাচল করছে। এরমধ্যে ১ হাজার ৪১৬টি টেক্সির অনেকগুলোই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। যে কারণে জেলায় রেজিস্ট্রেশনবিহীন (অন টেস্ট) গাড়ির সংখ্যা প্রায় হাজার খানেক। এতে করে পুরো শহরজুড়েই অন টেস্ট গাড়ির ছড়াছড়ি। যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা করানোর কারণে প্রায়শই শহরের প্রাণকেন্দ্র বনরূপায় যানজট সৃষ্টি হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ কক্সবাজার আসছেন সুইডেনের রাজকুমারী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে
পরবর্তী নিবন্ধনগরীতে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার