পার্বত্য চট্টগ্রামসহ বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রায় ৭৫ কিলোমিটার পথ পায়ে হাঁটল বৌদ্ধ ভিক্ষুরা। রাঙামাটি থেকে শুরু হওয়া দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষুর ‘শান্তির পদযাত্রা’ খাগড়াছড়ি গিয়ে শেষ হয়। গত ৩ ফেব্রুয়ারি রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের ৭৬তম জন্মদিন উপলক্ষে বনভান্তের ভিক্ষু সংঘ এই পদযাত্রার আয়োজন করে। ভান্তেদের এই পদযাত্রা চলাকালে রাস্তার বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী–পুরুষেরা তাদের পিন্ড দান করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভিক্ষুরা পদযাত্রার চূড়ান্ত গন্তব্য ধর্মপুর আর্য বন বিহারে এসে পৌঁছায়।
পদযাত্রাটি রাঙামাটির মানিকছড়ি, কুতুকছড়ি, মাইসছড়ি, মহালছড়ি ও মাইসছড়ির দুতকৃপ্যা ঘুরে সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে পিন্ডদান (খাবার গ্রহণ) শেষে ভান্তেরা ধর্মপুর আর্য বন বিহারে যাত্রা করেন। রাঙামাটির রাজবন বিহারের জিনপ্রিয় মহাস্থবির ভান্তের নেতৃত্বে এই পদযাত্রায় দেশ–বিদেশের ২০০ জন ভিক্ষু অংশ নেন।
পদযাত্রায় অংশগ্রহণকারী বিমলানন্দন মহাস্থবির ভান্তে ও মহামিত্র মহাস্থবির ভান্তে বলেন, দেশ ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় বনভান্তের শিষ্য সংঘ এই উদ্যোগ নিয়েছে।












