রাঙামাটি জেলার ২৯৯ জাতীয় সংসদীয় আসনে আওয়ামী লীগের পক্ষে চারবারের নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এমপি দীপংকর ছাড়াও এ আসনে দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন আরও ৯ প্রার্থী। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সহ– সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি হাজী কামাল উদ্দীন, বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সমরেশ দেওয়ান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জয়সেন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমর কুমার দে এবং রাঙামাটির সাবেক সিভিল সার্জন অবসরপ্রাপ্ত ডা. স্নেহ কান্তি চাকমা।
১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর দিনগত রাত পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকার কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে রাঙামাটির ২৯৯ আসনে আওয়ামী লীগের হয়ে এমপি পদে নির্বাচনে আগ্রহীরা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন বলে জানা গেছে।
২৯৯ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সমরেশ দেওয়ান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি হাজী কামাল উদ্দীন, সহ– সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক সদস্য জয়সেন তঞ্চঙ্গ্যা, সাবেক আওয়ামী লীগ নেতা অমর কুমার দে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, আমাদের একক প্রার্থী দীপংকর তালুকদার। তার বিকল্প আমাদের কোন প্রার্থী নেই।








